অনলাইন ডেস্ক:
এশিয়ার অন্যতম উন্নত দেশ চীনে চার দিনের দলীয় সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আটজন নেতা। গত ২৬ আগস্ট রাত ১০টায় ঢাকা থেকে তারা রওনা হন। আগামী ৩০ আগস্ট (শনিবার) দেশে ফেরার কথা রয়েছে তাদের।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি চীন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের লক্ষ্য রয়েছে দলের। সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। এনসিপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে শুক্রবার (২৯ আগস্ট) চীন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন এনসিপি নেতা সারজিস আলম। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
সকাল ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, “আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়েও অনেক বেশি উন্নত।”

পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই লাইক ও কমেন্টের বন্যা বইতে থাকে। ইতোমধ্যে পোস্টটিতে ৮৮ হাজারের বেশি রিঅ্যাকশন, প্রায় ১০ হাজার কমেন্ট এবং ৭৮৬ বার শেয়ার হয়েছে। অধিকাংশ কমেন্টই ইতিবাচক প্রতিক্রিয়া সম্বলিত।
এর আগে গত ২১ আগস্ট চীন সফর উপলক্ষে ঢাকাস্থ চীনা দূতাবাস এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করে। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।








