নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জাপা নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালান। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় জাপা কর্মীরাই আগে ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেন।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ থেমে গেলেও এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পুরো এলাকায় তখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।








