ব্যুরো চীফ, বরিশাল:
বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান ফটক তালাবদ্ধ করে বেদিতে কাঠ শুকানোর ঘটনা ঘটেছে। এ দৃশ্য দেখে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর স্থান এমন অবস্থায় রাখা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।
অন্যদিকে শহীদ মিনারের গেট তালাবদ্ধ থাকা ও বেদিতে কাঠ শুকানোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মীরা।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন,
“আমরা লক্ষ্য করছি, গত ৫-৬ মাস ধরে শহীদ মিনারের সব গেট সার্বক্ষণিকভাবে বন্ধ রাখা হয়। এটি নিন্দনীয় ও গর্হিত কাজ।”
তিনি আরও বলেন, “গত ২৩ বছরে গণসংহতি আন্দোলন সবসময় জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে পাশে থেকেছে। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যই কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণের একমাত্র শক্তি।”

দেওয়ান আবদুর রশিদ নীলু ক্ষোভ প্রকাশ করে বলেন,
“২৯ আগস্ট সকালে আমাদের সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় প্রধান ফটক তালাবদ্ধ। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গেট খুলতে অস্বীকৃতি জানান। পরে বাধ্য হয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখন দেখা যায় শহীদ মিনারের চারপাশ কাঠ শুকানোর জন্য অবরুদ্ধ করে রাখা হয়েছে। এটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”








