স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:
রাঙ্গামাটির লংগদু জোনের সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, শনিবার রাতে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মারিশ্যা–দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার জুম্ববি আদাম এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পার হয়ে সিগারেটের একটি বড় চালান দেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশে দুরছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল এলাকায় অবস্থান নেয়।
অভিযানের সময় চোরাকারবারিরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সিগারেট ফেলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ২,১০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানা গেছে।

উল্লেখ্য, রাঙ্গামাটির ভারত সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট পাচার হচ্ছে। গত এক সপ্তাহে সেনাবাহিনী ও বিজিবি একাধিক অভিযানে আনুমানিক ৪০০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করেছে। নিরাপত্তা বাহিনীর মতে, সীমান্ত এলাকায় চোরাচালান উদ্বেগজনক হারে বেড়ে গেছে।








