শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নুরের ওপর হামলা: বরিশালে বিক্ষোভে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ব্যুরো চিফ, বরিশাল:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ শেষে নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, “প্রথমে পুলিশ ও সেনাবাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়, পরে জাতীয় পার্টির সন্ত্রাসীরা হামলায় অংশ নেয়। নুরুল হক নুর মাটিতে পড়ে যাওয়ার পর লাল টি-শার্ট পরা এক যুবক তাকে বেধড়ক মারধর করে। ওই যুবককে আটক করা হলেও রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তাই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের প্রধান সমন্বয়ক আবু সাইদ মুসা এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণঅধিকার পরিষদের বরিশাল মহানগর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর বলেন, “নুর মানে তারুণ্য, নুর মানে নতুন বাংলাদেশ, নুর মানে বিজয়। সেই বিজয়ের ওপর আক্রমণ মানে বাংলাদেশকে রক্তাক্ত করার সামিল।”

তিনি আরও বলেন, “প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের নির্দেশে নুর ভাইয়ের ওপর হামলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

এসময় গণঅধিকার পরিষদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ