সিলেট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে আবদুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর কয়েকজন যুবক সীমান্ত এলাকায় যান। বিকেল চারটার দিকে বিএসএফ গুলি চালালে আবদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। তবে খবরটি সন্ধ্যার পর এলাকায় ছড়িয়ে পড়ে। তাঁর লাশ সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে ২৪ ঘণ্টারও বেশি সময় পড়ে থাকে। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন—একই এলাকার জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।
স্থানীয় পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দীর্ঘ সময় নিহতের লাশ ঘটনাস্থলে পড়েছিল। পরে বিষয়টি বিজিবি ও প্রশাসনকে জানানো হয়।”
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত লাশ উদ্ধার সম্ভব হয়নি।
স্থানীয় দনা বিজিবি ক্যাম্পের কমান্ডার জানান, সীমান্তে একজন নিহত হওয়ার খবর তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে আহত হওয়ার বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।









