দিব্যতনু দাস, বাগেরহাট:
বাগেরহাটের রামপাল উপজেলায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় অত্যাধুনিক মোবাইল জ্যামার ডিভাইসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামে মো. আসাদ শেখের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির খবর পাওয়ার পর রাতেই ৯৯৯-এ ফোন আসে। খবর পেয়ে পুলিশের একটি টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বাগেরহাটের মোল্লাহাট এলাকা থেকে ডাকাতির মূলহোতা রিয়াজ (৩০) ও তার সহযোগী আল আমীনকে (৪০) হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় সাদা রঙের একটি হাইয়েস মাইক্রোবাসে থাকা অত্যাধুনিক মোবাইল জ্যামার ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—মোবাইল সিগন্যাল জ্যামার ডিভাইস, ২টি ককটেল, পুলিশের ৪ সেট পোশাক, গ্যাস ও গ্রিল কাটার সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, মুখে ব্যবহারযোগ্য স্প্রে, ৩টি দেশীয় দা, ১টি বড় ছোরা, নগদ ৫ লাখ ১৬ হাজার টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং একাধিক মোবাইল ফোন।
জ্যামারটি সম্পর্কে পুলিশ জানায়, এই ডিভাইসটি একাধিক মোডে (GSM, DCS, 3G, 4G, 5G, WiFi, PHS, 4G1) রেডিও তরঙ্গ উৎপন্ন করে। প্রতিটি মোডের জন্য আলাদা অ্যান্টেনা প্রযুক্তি রয়েছে। এটি চালু থাকলে নির্দিষ্ট এলাকার মধ্যে মোবাইল ফোন, ওয়াইফাই, জিপিএস বা যেকোনো বেতার যোগাযোগ ব্যবস্থা কাজ করে না। ফলে ফোন কল, ইন্টারনেট ব্যবহার বা রেডিও ফ্রিকোয়েন্সি যোগাযোগও সম্ভব হয় না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পুলিশের পোশাক পরা ৫-৬ জন ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে গৃহকর্তা দরজা খুলে দেন। পরে তারা পরিবারের সদস্যদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি চালায়। নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোন লুট করে ডাকাতরা সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটক দুজনের মধ্যে রিয়াজ নরসিংদীর মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে এবং আল আমীন গাজীপুর সদর উপজেলার সাইদুলের ছেলে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।









