অনলাইন ডেস্কঃ
মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকসহ মোট ১০৪ বিদেশিকে। দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) তাদের আটকে দেওয়া হয়। শনিবার (৩০ আগস্ট) একেপিএস এক বিবৃতিতে নিউ স্ট্রেট টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে কতজন বাংলাদেশি আটকে আছেন, সেটি স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, আটক যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে ব্যর্থ হন, কারও বৈধ রিটার্ন টিকিট ছিল না, আবার কেউ থাকার উপযুক্ত ব্যবস্থা দেখাতে পারেননি। এমনকি অনেকের প্রদত্ত কারণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়।
একেপিএস আরও জানায়, এর আগে প্রবেশাধিকার না পাওয়া ২৮৮ জন যাত্রী এখনো কুয়ালালামপুর বিমানবন্দরে অবস্থান করছেন। তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।
সংস্থাটি বলেছে, মালয়েশিয়ার প্রবেশপথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। শুধুমাত্র নির্ধারিত শর্ত পূরণকারীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।









