শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টারঃ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল দেশের অন্যতম সফল এই ওপেনার বিসিবির প্রশাসনে যুক্ত হতে পারেন। এবার সেই গুঞ্জনকে সত্যি করে আনুষ্ঠানিকভাবে জানালেন তিনি। প্রথম ধাপে পরিচালক পদে নির্বাচন করার কথা জানান তামিম, ভবিষ্যতে সভাপতি হওয়ার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি।

দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন,
‘কেউ আগেভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। আমি নিজেও অনেক কিছু দেখি ও শুনি। কিন্তু মূল প্রশ্ন হলো—আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কি না। যদি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কথা বলি, সেখানে সরাসরি সভাপতি পদে ভোট হয়। কিন্তু বিসিবি আলাদা। এখানে প্রথমে পরিচালক হতে হয়।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন আরও ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

তামিম আরও বলেন,
‘যদি দু’জন সভাপতি প্রার্থী হন, তবে পরিচালকরা ভোট দিয়ে সভাপতি বেছে নেন। তাই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমার বলার মতো যথেষ্ট কারণ আছে। এবার আমি পরিচালক পদে নির্বাচন করছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে হবে। আমার বিশ্বাস, যদি আমি বোর্ডে আসি তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই। তবে যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে, তখন বিবেচনা করব।’

বিসিবির নির্বাচনের প্রস্তুতি তামিম শুরু করেছিলেন আরও আগেই। তিনি দুটি ক্লাবে সংগঠক হিসেবে বিনিয়োগ করেছেন। এর যেকোনো একটি ক্লাবের কাউন্সিলর হিসেবে পরিচালক পদে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।

দেশের ক্রিকেটে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তামিম বলেন,
‘সবাই বলে ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। কিন্তু আসলে কী হচ্ছে? একে অপরকে আক্রমণ, গুজব ছড়ানো—এসবই চলছে। অথচ আসল আলোচনা হওয়া উচিত কে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। অনেকেই পরিচালক হতে চান, কিন্তু মনোযোগ দেওয়া উচিত আসলেই কারা যোগ্য।’

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। এর অন্তত ৩০ দিন আগে সভাপতির নির্দেশে বোর্ডের নির্বাহী কর্মকর্তা কাউন্সিলর মনোনয়নের নোটিশ দেবেন। এরপর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, সময়সূচি ঘোষণা এবং নির্বাচনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ