বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পবিপ্রবি’র বরিশাল ক্যাম্পাস ‘শাটডাউন’

ব্যুরো চীফ, বরিশাল:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার (৩০ আগস্ট) রাত থেকে একাডেমিক ভবন-১ এবং রবিবার (৩১ আগস্ট) সকালে একাডেমিক ভবন-২ তালাবদ্ধ করে এই কর্মসূচি শুরু করেন তারা।

অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নিয়েছেন। রবিবার সকাল ১০টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রিকে একত্র করে কম্বাইন্ড ডিগ্রি প্রদান করা হয়। এতে চাকরির ক্ষেত্রে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে। কিন্তু পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে একক ডিগ্রি প্রদান করায় তারা চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, “আমাদের আন্দোলনের প্রেক্ষিতে ১০ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন প্রকাশ করা হয়নি, এমনকি একাডেমিক কাউন্সিলও গঠন করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি। একাডেমিক কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

সমাবেশে শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক, তাহসিন হোসাইন, মাহমুদুল হাসান তানভির, অর্জুন দাস, সীমান্তসহ অন্যান্যরা বক্তব্য দেন। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসের কোনো শিক্ষক মন্তব্য করতে রাজি না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ