বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বয়ঃসন্ধিকালীন অনেক কিশোরী স্কুলে আসতে চায় না

ব্যুরো চিফ, বরিশাল:

বরিশালের উজিরপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় ‘হাইজিন কর্নার’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে দিনভর পর্যায়ক্রমে এসব হাইজিন কর্নারের উদ্বোধন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

উদ্বোধন করা প্রতিষ্ঠানগুলো হলো যোগিরকান্দা মহিলা কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং কালবিলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

হাইজিন কর্নারে একটি সুসজ্জিত ওয়াল কেবিনেটের বিভিন্ন শেলফে রাখা হয়েছে স্যানিটারি প্যাড, টিস্যু ও হ্যান্ড স্যানিটাইজার। কেবিনেটের চারপাশে স্বাস্থ্য সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়েছে। স্কুল চলাকালীন যেকোনো শিক্ষার্থী প্রয়োজনে হাইজিন কর্নার থেকে সহজেই এসব সুরক্ষা সামগ্রী নিতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “বয়ঃসন্ধিকালীন সময়ে অনেক কিশোরী স্কুলে আসতে চায় না। আবার অনেকেই স্কুল চলাকালীন বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়, কিন্তু লজ্জাবোধের কারণে সহপাঠী বা শিক্ষকদের সঙ্গে তা শেয়ার করতে পারে না। হাতের নাগালে স্যানিটারি প্যাড না থাকায় অনেকেই সঠিক যত্ন নিতে পারে না, এতে মানসিক চাপ বাড়ে এবং স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পায়। বিদ্যালয়ে হাইজিন কর্নার থাকলে এসব সমস্যা কিছুটা নিরসন হবে।”

তিনি আরও বলেন, “বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যারের নির্দেশনায় প্রাথমিকভাবে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্নারের ব্যবস্থা করা হয়েছে। ধাপে ধাপে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সুবিধা চালু করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ