বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে সা’দত কলেজে অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয় ২১ আগস্ট অনার্স দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে গত বছরের তুলনায় ফি বৃদ্ধি করা হয়। এ ঘোষণার পর কলেজগুলো অতিরিক্ত ফিসহ নিজেদের বিজ্ঞপ্তি প্রকাশ করলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি পাঠানো ও মানববন্ধন কর্মসূচি পালন শুরু করে।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন সরকারি সা’দত কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রিমন হাসান, সদস্যসচিব কামরুজ্জামান আকাশ, ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম টুটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার সাবেক সদস্যসচিব আবু আহমেদ শেরশাহ, সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতারা।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইসলাম শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি নাহিদ। তিনি বলেন,
“চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আমরা কোনো অন্যায় মেনে নেব না। জাতীয় বিশ্ববিদ্যালয় যে অযৌক্তিক ফরম পূরণের ফি চাপিয়ে দিয়েছে, তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষা আমাদের অধিকার। এই অধিকার রক্ষায় শিক্ষার্থীরা প্রয়োজনে সর্বোচ্চ সংগ্রামে নামবে।”

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শেখ মোহাম্মদ রবিউল বলেন,
“হঠাৎ করে কেন্দ্রীয় ফি ও ইনকোর্স ফি বৃদ্ধি শিক্ষার্থীদের জন্য কষ্টকর। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানাই, শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী ফি নির্ধারণ করা হোক।”

ছাত্রশিবির সভাপতি তরিকুল ইসলাম টুটুল বলেন,
“আমরা একটি সৎ ও যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। কিন্তু শিক্ষার্থীদের সামর্থ্যের বাইরে গিয়ে ফি নির্ধারণ দুঃখজনক। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যেমন শিক্ষা খাতে অনিয়ম চলেছিল, এখনো শিক্ষার্থীরা অযৌক্তিক সিদ্ধান্তের শিকার। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব আবু আহমেদ শেরশাহ বলেন,
“জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সর্বস্তরের শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে, যা মেনে নেওয়া যায় না।”

ছাত্রদলের আহ্বায়ক মো. রিমন হাসান শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন,
“জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফরম পূরণের ফি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। দাবিগুলো পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ