আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের কারণে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং আরেকটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আমাদের হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং হাজীপাড়া এলাকার নিউ সূর্যের হাসি ক্লিনিকে অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. মো. ইফতেখায়রুল ইসলামসহ অনেকে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, আমাদের হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেস্থেসিয়া চিকিৎসক ছাড়া অপারেশন করানোর প্রমাণ মিলেছে। প্রতিষ্ঠানটির লাইসেন্সও দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। এছাড়া নোংরা পরিবেশে অপারেশন পরিচালনার অভিযোগও রয়েছে।

অন্যদিকে, নিউ সূর্যের হাসি ক্লিনিক কোনো প্রকার অনুমোদন ছাড়াই অন্য প্রতিষ্ঠানের নামে কার্যক্রম চালাচ্ছিল। এজন্য ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. ইফতেখায়রুল ইসলাম জানান, আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোগীদের তিন দিনের মধ্যে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে। নিউ সূর্যের হাসি ক্লিনিক তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, রোগীরা যেন কোনোভাবে হয়রানি বা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নজর রাখা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








