নিজস্ব সংবাদদাতা
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ বা ‘বম পার্টির’ একটি প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআরের বার্তায় বলা হয়েছে, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত টানা এক মাস রুমার সীমান্তবর্তী রেং ত্লাং এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এতে আরও বলা হয়, সেনা টহল দল জনবসতিহীন দুর্গম এলাকায় কেএনএফের একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে ব্যাপক তল্লাশি চালায়। অভিযানে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত স্থাপনাগুলোও দখল করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের শুরুর দিকে রুমা উপজেলায় কেএনএফের অস্তিত্ব প্রকাশ্যে আসে। সংগঠনটি বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রো জনগোষ্ঠীকে নিয়ে গঠিত বলে দাবি করা হলেও, মূলত বম সম্প্রদায়ের একাংশ এতে যুক্ত হওয়ায় এটি পাহাড়ে ‘বম পার্টি’ নামেই পরিচিতি পায়।








