সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুয়া জন্মসনদে বাল্যবিবাহ: প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ

ব্যুরো চীফ, বরিশাল

অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর নাম ও বয়স পরিবর্তন করে পাশের উপজেলার একটি ইউনিয়ন পরিষদ থেকে ভুয়া জন্মসনদ এনে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে।

জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নির্ধারিত তারিখ অনুযায়ী বরযাত্রী নিয়ে বরপক্ষ কনের বাড়িতে আসে। আপ্যায়ন শেষে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

এ সময় কনের বাবা তার মেয়ের একটি জন্মসনদ প্রদর্শন করেন, যা গত ২৭ আগস্ট মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা হয়। ওই জন্মসনদে স্কুলে দেওয়া নাম পরিবর্তন করে মেয়েটির বয়স ১৯ বছর দেখানো হয়েছিল। কিন্তু স্কুলের কাগজপত্র যাচাই করে মেয়েটির বয়স ১৬ বছর প্রমাণিত হয়।

পরবর্তীতে প্রতারণার আশ্রয় নিয়ে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবা ও বরকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়। পরে বরযাত্রীরা নিরাশ হয়ে ফিরে যান।

গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে জানান, ঘটনাটির পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও গ্রামপুলিশকে বিষয়টি নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, ভুয়া জন্মসনদ ইস্যু করার সঙ্গে জড়িত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনস্বার্থে বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ