ব্যুরো চীফ, বরিশাল
অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং পরিবহন সংকট দূরীকরণসহ বিভিন্ন দাবিতে ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এতে মহাসড়কে ব্যাপক যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রায় এক মাস ধরে আন্দোলন চললেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কোনো উদ্যোগ নেয়নি। গত ৩১ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউজিসির সঙ্গে আলোচনার আহ্বান জানানো হলেও সাড়া মেলেনি।
শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “টানা আন্দোলনের পরও ইউজিসির টনক নড়েনি। এটি হতাশার বিষয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষার্থী অমিয় মণ্ডল বলেন, “১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কাটেনি। সেশনজট প্রকট আকার ধারণ করছে। আবাসন, শিক্ষক, পরিবহন এবং গ্রন্থাগারে বইয়ের সংকটও তীব্র। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে। অথচ অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার কোটি টাকার বাজেট দেওয়া হলেও ববির জন্য বরাদ্দ অপ্রতুল। আমরা বাজেট বৈষম্য দূরীকরণসহ দ্রুত দাবি পূরণের আহ্বান জানাই।”
ববি শাখা শিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা না করা এবং জুলাই বিপ্লব বাস্তবায়নে ব্যর্থতা প্রশাসনের দুর্বলতার প্রমাণ।”
কুয়াকাটাগামী যাত্রী মোফাজ্জেল হোসেন বলেন, “অবরোধের কারণে ভোগান্তি পোহাতে হয়েছে। সড়ক অবরোধের পরিবর্তে অন্যভাবে দাবি জানানো উচিত।”
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”








