এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)
আজ ৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল শাখার উদ্যোগে কানারামপুরে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।
সঞ্চালনা করেন দলের সদস্যসচিব মো. এনামুল কাদির এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন।
নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ইয়াসের খান চৌধুরী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বক্তব্যের শুরুতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি স্বাধীন, আত্মনির্ভরশীল ও জনগণের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন। আজ জনাব তারেক রহমানের নেতৃত্বেই সেই স্বপ্ন পূরণ হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রুপিং রাজনীতি বাদ দিয়ে সকল ভেদাভেদ ভুলে একজন কর্মী হিসেবে তারেক রহমানের নির্দেশনা মেনে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। দলীয় ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।”
অনুষ্ঠানে দলের সদস্যসচিব মো. এনামুল কাদির বলেন, “পেশিশক্তি দিয়ে ভোট বাড়ানো যায় না। ভোট বাড়াতে হলে সঠিকভাবে ৩১ দফা তুলে ধরতে হবে। ইয়াসের খান চৌধুরী নান্দাইলের আগামী দিনের নেতৃত্বে আসবেন বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।








