সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি রয়েল এনফিল্ডসহ মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাহবুব হাসানের রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। ঘটনায় থানায় মামলা (নং-৪২(৮)২৫) দায়ের হলে পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা)-এর নির্দেশে তদন্ত শুরু করে সদর থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়েরের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জয়ন্ত সরকার, এসআই হিরণ কুমার বিশ্বাস ও এসআই উৎপল সাহাসহ একটি টিম গঠন করা হয়। প্রায় ৪৭টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রের মূলহোতা ও সহযোগীদের শনাক্ত করা হয়।

গত ২৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগরকে (৩৫) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তোফাজ্জল হোসেন ও মো. বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়। বাবুলের হেফাজত থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থানার পলতাকান্দা গ্রামে সোহানের বাড়ি থেকে চুরি যাওয়া রয়েল এনফিল্ডসহ আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে সোহানের কাছে বিক্রি করত। সোহানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ