অনলাইন ডেস্কঃ
প্রায় আট বছর পর আবারও একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ। এ নিয়ে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’-কে একত্রিত করে নতুনভাবে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামে পুনর্গঠন করা হলো।
কাজের সুবিধার্থে ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করা হয়েছিল। একটি ছিল জননিরাপত্তা বিভাগ এবং অন্যটি সুরক্ষা সেবা বিভাগ।
জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল—পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার।
অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগের অধীনে ছিল—বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।








