মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার ও পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

রাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন শান্তিবাহিনী লংগদুতে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে ৩৫ জন কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করে। দীর্ঘ ২৮ বছর অতিক্রান্ত হলেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি এবং নিহতদের পরিবারগুলো এখনও ক্ষতিপূরণ বা পূর্ণবাসন পায়নি। শুরু থেকেই এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এলাকাবাসী।

এই দাবিতে বৃহস্পতিবার রাঙ্গামাটি শহরের বিএম মার্কেটের সামনে মানববন্ধন করে ‘৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ’। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন মো. গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি পার্বত্য জেলা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং ভিকটিম পরিবারের সদস্য হাফেজ মোহাম্মদ বখতিয়ার উদ্দিন।

বক্তারা বলেন, “১৯৯৬ সালে সংঘটিত এই ভয়াবহ হত্যাযজ্ঞের ২৮ বছর পেরিয়ে গেলেও আজও এর সুষ্ঠু বিচার হয়নি। নিহত কাঠুরিয়াদের পরিবারগুলো আজও মানবেতর জীবনযাপন করছে।” বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন, তাদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।

মানববন্ধন শেষে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ