,

ইউএনওর স্বাক্ষর জাল করার অভিযোগে অধ্যক্ষ বরখাস্ত

নবাবগঞ্জ প্রতিনিধি:

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুন আখতারের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক জাকির হোসেন মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অধ্যক্ষের মেয়ে ও তার ব্যক্তিগত গাড়িচালকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও দিলরুবা ইসলাম বলেন, “কমিউনিটি ব্যাংকের গুলশান শাখা থেকে আমাকে জানানো হয়, নবাবগঞ্জ শাখার ১ লাখ ৭৫ হাজার টাকার একটি চেক জমা পড়েছে। তবে চেকটিতে সভাপতির (ইউএনও) স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা যায় চেকটি ইস্যুবিহীন। এ বিষয়ে সাবেক অধ্যক্ষ নাজমুন আখতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিতভাবে জানান যে চেকটি তিনি ইস্যু করেননি।”

তিনি আরও বলেন, “চেকটি বহন করছিলেন নাজমুন আখতারের ব্যক্তিগত গাড়িচালক জসিম উদ্দিন ও তার মেয়ে আসফিয়া। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে।”

বিদ্যালয়ের অফিস সহকারী রমজান আলীর বরাত দিয়ে ইউএনও জানান, গত ২১ আগস্ট বিকেলে নাজমুন আখতার জোরপূর্বক তার কাছ থেকে চেকবই নিয়ে নেন এবং সেখান থেকে পাঁচটি চেকের পাতা সরিয়ে রেখে দুই দিন পর চেকবই ফেরত দেন।

ইউএনও বলেন, “ব্যাংক স্টেটমেন্ট এনে দেখি, ২৫ আগস্ট আসফিয়া নামের একজন ৪ লাখ ১১ হাজার টাকার লেনদেন করেছেন। এসব চেক ইস্যুবিহীন এবং আমি ওই চেকগুলোতে স্বাক্ষর করিনি। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে এলাকার গণ্যমান্যদের সঙ্গে আলোচনা করে নাজমুন আখতারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

বিদ্যালয়ের অফিস সহকারী রমজান আলী বলেন, “২১ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে সাবেক অধ্যক্ষ নাজমুন আখতার আমার কাছ থেকে চেকবই নেন। দুই দিন পর চেকবই ফেরত দিলে দেখি ৭১ থেকে ৭৫ নম্বর পর্যন্ত চেকের পাতা নেই। পরে চেক জালিয়াতির বিষয়টি জানতে পারি। আমি এ বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করব।”

এ বিষয়ে জানতে নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুন আখতারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ