ব্যুরো চীফ, বরিশাল
ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হল চত্বরে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন। এছাড়া বক্তব্য রাখেন বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সাইবার বুলিং, নারী হেনস্তা এবং ট্যাগিংয়ের রাজনীতি ক্যাম্পাসের সুস্থ পরিবেশ বিনষ্ট করছে। যারা এসব ট্যাগিংয়ের সঙ্গে জড়িত, তারা মুখে নারীর অধিকারের কথা বললেও তাদের কার্যক্রমে নারীদের প্রতি হেনস্তা, কটুক্তি এবং সাইবার বুলিং স্পষ্টভাবে প্রতীয়মান।
বক্তারা এ ধরনের রাজনীতি থেকে সরে এসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করার আহ্বান জানান।








