শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক: 

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে হামলা চালায়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড়ে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ শেষে টায়ার জ্বালিয়ে মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে বিজয়নগরে পৌঁছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, “হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত জাতীয় পার্টির কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে এসে অফিসে ঢুকে হামলা চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। স্থানীয় এক দোকানি বলেন, “হঠাৎ কয়েকজন এসে অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। এরপর ধোঁয়া উঠতে দেখি। পুলিশ আসার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।”

ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুবায়ের আলম রবিন বলেন, “শাহবাগে সমাবেশ শেষে একটি দলের নেতাকর্মীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বারবার এমন বর্বর আচরণ করা হচ্ছে।” তিনি হামলাকারীদের বিচারের দাবি জানান।

অন্যদিকে গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, “জাতীয় পার্টি একটি দেশবিরোধী দল। বিক্ষুব্ধ জনতাই তাদের কার্যালয়ে ভাঙচুর করেছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ