দিব্যতনু দাস, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে এক কিশোরী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম মোছা. কারিমা খাতুন (১৬)। তিনি ওই গ্রামের জয়নাল শেখের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কারিমার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকান। সেসময় তাঁকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারিমার মা নাছিমা বেগম এবং বোন মার্জিয়া খাতুন জানান, তিনি দীর্ঘদিন ধরে পরিবারের কাছে মোবাইল ফোন কেনার জন্য আবদার করে আসছিলেন। পরিবার মোবাইল না কিনে দেওয়ায় অভিমান থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ বলেন, “কিশোরীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








