শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক 

মস্কোতে শান্তি আলোচনায় বসার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যতদিন যুদ্ধ চলবে, ততদিন মস্কোতে যাবেন না।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, “তিনি (পুতিন) কিয়েভে আসতে পারেন। আমার দেশ যখন প্রতিদিন ক্ষেপণাস্ত্রের আক্রমণের মুখে পড়ছে, তখন আমি মস্কো যেতে পারি না। আমি এই সন্ত্রাসীর রাজধানীতে যেতে পারি না।”

মস্কো যেতে অস্বীকার করলেও জেলেনস্কি পুতিনের সঙ্গে বৈঠক করতে সম্মত বলে জানিয়েছেন। তিনি বলেন, যেকোনো ফরম্যাটে রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে প্রস্তুত আছি।

যত দিন যাচ্ছে, ততই জটিল হচ্ছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আলাদা বৈঠকের পরও কোনো উল্লেখযোগ্য সমাধান আসেনি। তবে বৈঠকের পর ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার সরাসরি বৈঠকের আশ্বাস দিয়েছেন।

গত ৩ সেপ্টেম্বর চীনের তিয়েনানমেন স্কোয়ার বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর পুতিন বলেন, বৈঠকের জন্য জেলেনস্কি যে কোনো সময় মস্কোতে আসতে পারেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, “আমি জেলেনস্কির সঙ্গে এমন বৈঠকের সম্ভাবনা কখনও নাকচ করিনি। কিন্তু ওই বৈঠকে বসার মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে?”

তিনি আরও বলেন, এই ধরনের যেকোনো বৈঠকের ভালো ফলাফলের জন্য যথাযথ প্রস্তুতির প্রয়োজন। যদি বৈঠকের সব প্রস্তুতি হয়ে থাকে, তবে আমিও বৈঠকের জন্য প্রস্তুত। জেলেনস্কি যেকোনো সময় মস্কোতে আসতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ