সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪৪ ধারা জারি / হাটহাজারীতে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে জুলুসের গাড়িতে হামলার ঘটনায় সুন্নী ও কওমি সমর্থকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে শনিবার রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরবর্তীতে সেনাবাহিনী এসে দুই পক্ষের সঙ্গে কথা বলে মাইকিংয়ের মাধ্যমে রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।

রবিবার সকালে হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রাম–খাগড়াছড়ি–রাঙামাটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। উত্তেজনা কিছুটা কমলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বলেন, “কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছে। অপরদিকে আহলে সুন্নতপন্থীরা সড়কের বিভিন্ন স্থানে রয়েছে। পরিস্থিতি থমথমে হলেও আমরা সতর্ক অবস্থানে আছি। হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।”

এর আগে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম–খাগড়াছড়ি–রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাটহাজারী সদর থেকে উত্তরে প্রায় এক কিলোমিটার এবং দক্ষিণে ইসলামি হাট পর্যন্ত শত শত গাড়ি আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার বেলা তিনটা পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখে উপজেলা প্রশাসন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, “শনিবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ