,

প্রকৃতিপ্রেমী সবুজ চাকমা ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক’ পেলেন

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

পাহাড়ের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা অর্জন করেছেন ‘ব্র্যাক ব্যাংক–তরুপল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’। পদকের পাশাপাশি তাঁকে দেওয়া হয়েছে ‘বৃক্ষসখা সম্মাননা’ ও এক লাখ টাকার পুরস্কার।

শনিবার ঢাকার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সবুজ চাকমার হাতে পদক তুলে দেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কৃতী সন্তান প্রকৌশলী সবুজ চাকমা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন শৌখিন আলোকচিত্রী ও পরিবেশপ্রেমী হিসেবে পরিচিত।

সবুজ চাকমা পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতিবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি–র অন্যতম সংগঠক এবং প্ল্যানটেশন ফর নেচার–এর প্রতিষ্ঠাতা। প্রকৃতি সংরক্ষণের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে গড়ে তোলা এ অলাভজনক সংগঠনের মাধ্যমে তিনি এখন পর্যন্ত ৮৭ হাজার ৫৬০টি পাখিবান্ধব গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন।

খাগড়াছড়ি সড়ক বিভাগে কর্মরত থাকা অবস্থায় তিনি সড়কের দুই পাশে প্রায় চার হাজার পাখিবান্ধব জ্যাকারান্ডা গাছের চারা রোপণ করেন। রাঙামাটিতেও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে সওজ লেক ভিউ গার্ডেন প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত বাটারফ্লাই অ্যাওয়ার্ড–ও অর্জন করেছেন সবুজ চাকমা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ