,

লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

ব্যুরো চিফ, বরিশাল

দাদার লাশ দাফন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামা ও ভাগ্নের মৃত্যুর ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ও রঘুনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত দুই পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় উভয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সকাল দশটায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের বাসিন্দা আনিস হাওলাদার (৮০) বার্ধক্যজনিত কারণে রবিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সেদিন বাদ আসর জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত আনিস হাওলাদারের ছেলে আবুল হাওলাদারের পুত্র সরোয়ার হাওলাদার দাদার লাশ দাফনের পর স্টিলের খাটিয়াটি তার মামা ফিরোজ সিকদারকে নিয়ে সরাতে যান।

এ সময় কবরস্থানের ওপর স্থাপিত টিউব লাইটের সংযোগ দেওয়া বিদ্যুতের তারে স্টিলের খাটিয়া লেগে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত লোকজন দ্রুত সরোয়ার ও ফিরোজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া দুইজন হলেন—পাদ্রিশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (২৮)। সম্পর্কে তারা মামা ও ভাগ্নে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ