ব্যুরো চিফ, বরিশাল
রাতের আঁধারে সরকারি রাস্তার পাশের লাখ টাকার বেশি মূল্যের একাধিক গাছ কাটার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে কর্তনকৃত গাছ জব্দ করেছে।
বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন শ্রমিকদের নিয়ে এসব গাছ কাটছিলেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার টরকী বন্দরের ছাগলহাট সংলগ্ন হাজী বাবুল হোসেনের বাড়ির সামনের সরকারি সড়কের পাশে বিভিন্ন প্রজাতির সাতটি গাছ কাটছিলেন রোকনুজ্জামান রোকন। খবর পেয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে কর্তনকৃত গাছ জব্দ করে।
বাড়ির মালিক হাজী বাবুল হোসেন বলেন, “গাছগুলো উপড়ে আমার বাড়ির ক্ষতি হতে পারে ভেবে আমি সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে গাছ কাটার জন্য লিখিত আবেদন করেছি। পরে জানতে পারি, আমার আত্মীয় রোকনুজ্জামান রোকন লোকজন নিয়ে গাছ কাটছে। তিনি নাকি ইউএনও অফিস থেকে অনুমতি নিয়েছেন বলেও জানিয়েছেন।”
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, “আমার কাছে একটি আবেদন করা হয়েছে, যা যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা বন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এখনো কোনো গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, “রাতে ইউএনও স্যারের ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ ও কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে। ইউএনও স্যারের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, “আমার আত্মীয় হাজী বাবুল হোসেন আবেদন করেছিলেন। আমি ভেবেছিলাম তিনি অনুমতি পেয়েছেন, তাই শ্রমিক নিয়ে গাছ কাটা হচ্ছিল। পরে ইউএনও স্যারের নির্দেশে পুলিশ গাছ কাটা বন্ধ করে। এখন ইউএনও স্যার যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাই মান্য করব।”








