দিব্যতনু দাস, বাগেরহাট
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ৯ বোতল কীটনাশকসহ দুইজনকে আটক করেছে বনরক্ষীরা। ভোলা টহল ফাঁড়ির পানিরঘাট এলাকা থেকে স্মার্ট প্যাট্রলিং টিমের বনরক্ষীরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা ও বেশ কিছু জাল জব্দ করা হয়। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব জানিয়েছেন।
আটকৃতরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের খলিল হাওলাদার (৪৫) ও শহিদুল ইসলাম হাওলাদার (৫০)।
এসিএফ রানা দেব বলেন, ‘জেলের ছদ্মবেশে একদল দুর্বৃত্ত বিষ বহন করে নৌকা নিয়ে গোপনে বনে প্রবেশ করছে—এমন সংবাদের ভিত্তিতে স্মার্ট টিমের সদস্যরা অভিযানে যান। পরে টিম লিডার জাহিদুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা কীটনাশকসহ দুজনকে আটক করেন। তাদের সঙ্গে আরও লোকজন জড়িত থাকতে পারে। তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।’








