শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে ট্রাকচাপায় অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় সুজন (৪৫) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা বিল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নাজির মহুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন শিবপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক (নম্বর ঢাকা মেট্রো ট-১৪-৮৬০৫) তার অটোভ্যানকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। মুহূর্তের মধ্যে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত সুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সুজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। পূর্বে তিনি একটি সেলুন চালাতেন। তবে বাম পায়ের সমস্যার কারণে দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করা তার জন্য কষ্টকর ছিল। জীবিকার তাগিদে কিছুদিন আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি অটোভ্যান কিনে জীবিকা নির্বাহ শুরু করেন। সেই ভ্যান নিয়েই শেষ যাত্রায় বের হয়েছিলেন তিনি।

স্থানীয়রা জানান, সড়কের বেপরোয়া ট্রাক চলাচল এবং অব্যবস্থাপনার কারণেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে। সুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ