,

মাদক বিক্রেতার পক্ষালম্বন করায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্যুরো চিফ, বরিশাল

মাদক বিক্রেতাদের পক্ষালম্বন করায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শামিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও তিনজন মাদক কারবারিকে ১৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ইউপি সদস্য শামিম মিয়া মাদক কারবারিদের পক্ষালম্বন করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন—গৌরনদী উপজেলা সদরের বাসিন্দা শাহ আলম বেপারীর ছেলে জহিরুল ইসলাম (৩৩), কামাল হোসেনের ছেলে তপু তালুকদার (৩১) এবং আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা মাজেদ মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৩৫)।

ওসি আরও জানান, অভিযানে ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিলটন মণ্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এজাহারে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাজিরহাট বাজারের জলিল মোল্লার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর ওইদিন পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হলে জহিরুল ইসলামের প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং তপু তালুকদারের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শাহ আলম মিয়ার কাছ থেকে তারা ইয়াবা ট্যাবলেটগুলো ক্রয় করেছেন। সে অনুযায়ী পুলিশ শাহ আলম মিয়াকে আটক করে তার ঘরে তল্লাশি চালিয়ে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ অভিযানের আগে স্থানীয় ইউপি সদস্য শামিম মিয়াকে মাদক উদ্ধারের কাজে সহায়তার জন্য ডাকা হলেও তিনি আসামি শাহ আলম মিয়ার পক্ষালম্বন করে তার গ্রেপ্তারের বিরোধিতা করেন। এ কারণে মাদক কারবারিদের সহযোগী হিসেবে পুলিশ শামিম মিয়াকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ