মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও মোহাম্মদপুরে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

শাওন বণিক, স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে আবারও গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ছিনতাইকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা এ ঘটনার সূত্রপাত করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টা এবং বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুরের নবীনগর সাঁকোর পাড়ে এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন হানিফ ও সুজন। এছাড়া শরীফ ও জুয়েল নামের আরও দুজন চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, নিহত দুইজন সক্রিয় ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। একই ঘটনায় আহত দুজনও সক্রিয় ছিনতাইকারী দলের সদস্য। তারা বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে কয়েকজন ছিনতাইকারী নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই করে চলে যায়। পরে ভোর ৪টার দিকে আবারও ছিনতাই করতে আসলে স্থানীয়রা তাদের ঘেরাও করে চারজনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, আহত ছিনতাইকারী সুজন ওরফে বাবলু এবং ফয়সাল, ঢাকা উদ্যান এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের অন্যতম নেতা জনি ওরফে ‘রক্তচোষা জনি’র ঘনিষ্ঠ বন্ধু। তারা নিয়মিত এলাকায় ছিনতাই করে। দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চালালেও পুলিশের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রেপ্তার হয়ে আদালতে গেলেও অল্পদিনের মধ্যেই জামিনে বের হয়ে তারা আবারও ছিনতাই শুরু করে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। জুয়েল ও শরীফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও আছে।”

প্রসঙ্গত, গত সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোড এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরের ওয়াকওয়েতেও দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছিল জনতা। দুই দিন পর আবারও দুই ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ