ব্যুরো চিফ, বরিশাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছে। এজন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য দেশবাসী যা ভেবেছিল, ডাকসু নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বরিশাল নগরীর একটি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু বক্তব্য নয়, সাদিক কায়েমরা ছাত্রদের জন্য বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। তারই প্রতিফলন ভোটের মাধ্যমে এসেছে। ভবিষ্যতেও যেন তারা এমন কল্যাণকামী ভূমিকা রাখে এবং তার মধ্য দিয়ে যেন ছাত্রসমাজের পরিবর্তন আসে। সেই ধারায় যেন রাজনীতির পরিবর্তনের ধারা সূচিত হয়, সেই প্রত্যাশা রাখছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।








