শাওন বণিক, স্টাফ রিপোর্টার
গতকাল সকাল ১০টায় ময়মনসিংহ শহরের হোটেল আমির ইন্টারন্যাশনালে টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাইমুল হক, পিপিএম, পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন। সভাপতিত্ব করেন জনাব ফারহান বেগ, স্বত্বাধিকারী সিলভার ক্যাসেল হোটেল অ্যান্ড রিসোর্ট।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ (টুয়াম)-এর সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্লাবন, টুয়াম উপদেষ্টা আব্দুল কাদের মুন্না ও উপদেষ্টা ইয়াজদানী। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন ট্যুর অপারেটর, ট্যুরিস্ট ক্লাব এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গও সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ময়মনসিংহ বিভাগের পর্যটনকে আরও আকর্ষণীয় ও প্রচারযোগ্য করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পর্যটন সংশ্লিষ্ট এলাকাগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা টুরিস্ট পুলিশের কাজ, তবে সে ক্ষেত্রে সবার এগিয়ে আসা প্রয়োজন। তাহলেই পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে, তেমনি স্থানীয় জনসাধারণের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
সভায় সভাপতি ও উপস্থিত অতিথিরা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন।








