,

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা সাময়িক বরখাস্ত

পথে প্রান্তরে ডেস্ক 

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাংবাদিক নির্যাতনের মামলায় কারাগারে পাঠানোর পর সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। একই দিনে প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে একইদিন হাইকোর্ট থেকে জামিন পেলেও এখনো কাগজপত্র হাজতে না পৌঁছায় সুলতানা পারভীন কারাগারেই রয়েছেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্চে একটি সরকারি পুকুর নিজের নামে নামকরণ করেন ডিসি সুলতানা। এ বিষয়ে সংবাদ প্রকাশসহ অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় ১৩ মার্চ দিবাগত রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে এনে নির্যাতন চালান তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজার অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। পাঁচ বছর ধরে চলা সেই মামলার ধারাবাহিকতায় এবার সুলতানা পারভীন চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ