বরগুনা প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।
আজিজুল উপজেলার তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে। তার মরদেহ খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দানের সামনে সড়কের পাশে একটি ডোবায়, কচুরিপানার মধ্যে অর্ধডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে এলাকার চায়ের দোকানের সামনে একটি অটোরিকশা দ্রুত গতিতে চলে যেতে দেখা যায়, যা সন্দেহজনক মনে হয়েছিল। চিৎকার শুনে কয়েকজন এগিয়ে গিয়ে ঘটনাস্থলের কাছাকাছি একটি মোবাইল ফোন ও জুতা পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে আজিজুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানান, “আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পানিতে কিছু ফেলার শব্দ শুনি। সামনে গিয়ে রাস্তায় রক্ত দেখতে পাই। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডোবার মধ্যে মরদেহ দেখতে পায়।”
ওসি হারুন অর রশিদ হাওলাদার বলেন, “আজিজুল পেশায় অটোরিকশা চালক। তাকে খুন করে অটোরিকশাটি নিয়ে যাওয়া হয়েছে। আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।”
পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, “ঘটনাস্থলে জেলা পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন। হত্যার রহস্য উদঘাটনে তৎপরতা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”








