বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না: ফুয়াদ

ব্যুরো চীফ, বরিশাল

আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “জনআকাঙ্ক্ষাকে যদি আমরা বুঝতে না পারি, সময়কে যদি উপলব্ধি করতে না পারি, ১৯৯১ বা ২০০১ সালের মানদণ্ড দিয়ে যদি ২০২৫ সালকে পড়ার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য চরম ভুল হবে। ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির একটি নতুন নির্বাচনী ব্যাকরণ আমাদের সামনে তুলে দিয়েছে। কারণ এটি আগামী দিনের রাজনীতির একটি নতুন ম্যাট্রিক্স।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফুয়াদ বলেন, “ডাকসু নির্বাচনে ইসলামপন্থিদের বিজয়, জামায়াত-শিবিরের উত্থান, জঙ্গিবাদ-মৌলবাদের উত্থান বা দক্ষিণপন্থিদের জয় হিসেবে যেভাবে বিশ্লেষণের চেষ্টা চলছে, সেটি তরুণদের বুঝতে না পারার উদাহরণ। গণঅভ্যুত্থানকে যেমন আওয়ামী লীগ সঠিকভাবে বুঝতে পারেনি, তেমনি ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী ও বামপন্থী বলয়ের লোকজন সঠিকভাবে ধরতে পারেননি।”

তিনি আরও বলেন, “যারা বলছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) হবে না, ডাকসু নির্বাচন ইতিমধ্যেই সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।”

প্রচারণা ও ট্যাগিং প্রসঙ্গে তিনি বলেন, “‘আমি জানি তুমি জানো সাদিক কায়েম পাকিস্তানি’—এই স্লোগান দেওয়া হয়েছে ঢাবি ক্যাম্পাসে। কিন্তু যারা ২০২৪ সালের আন্দোলনে অংশ নিয়েছিল, তারা সবাই সাদিক কায়েমকে চেনে। তারা একসঙ্গে আন্দোলন করেছে। হঠাৎ করে তাকে পাকিস্তানি বলা হলে সাধারণ শিক্ষার্থীরা তা ভালোভাবে নেয়নি। আবার ফরহাদ নামে ছেলেটিও পরিচিত ছিল না, কিন্তু তার প্রার্থিতা বাতিলের জন্য হঠাৎ রিট করায় সে জাতীয়ভাবে পরিচিতি পেয়ে যায়।”

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে ছয়শ সাংবাদিক ডাকসু নির্বাচন কভার করেছে। এখানে ভোট চুরি হয়েছে বলে গুজব ছড়িয়ে দিলে সবাই তা মেনে নেবে—এমনটা ভাবাও ভুল। সবাইকে মনে রাখতে হবে, দুই নাম্বারি চক্করের পলিটিক্স এখন আর চলবে না।”

তিনি আরও বলেন, “যে যেই দলের রাজনীতি করি না কেন, ন্যূনতম স্বচ্ছতা, ভদ্রতা ও সততা না থাকলে আগামী দিনের রাজনীতি ঠিকাদারি দিয়ে করা যাবে না। ঠিকাদারি পলিটিক্স ইজ ডেথ। ’৭১-এর ব্যবসা, ’২৪-এর ব্যবসা, চেতনার ব্যবসা, কেনা-বেচার ব্যবসা দিয়ে আর রাজনীতি করা যাবে না।”

প্রেস ব্রিফিংয়ে আমার বাংলাদেশ পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব জিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য হায়দার ভূঁইয়া, নাজমুল মুননাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ