খুলনা ব্যুরো
ফুলতলা উপজেলা বিএনপির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফুলতলা মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আসগর লবি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক চেতনার একটি রাজনৈতিক দল। যে কোনো ধর্মের ধর্মীয় উৎসবকে দেশের সকল মানুষের উৎসব মনে করে এ দলটি। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সকল মানুষের উৎসব মনে করে বিএনপির দলীয় নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বী লোকদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। পূজা উৎসবকে ঘিরে সারাদেশে নাশকতার পায়তারা করছে তার দলের লোকেরা। তাই বিএনপির সকল নেতাকর্মীকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। ফুলতলাতে কোনভাবেই যেন পূজা উৎসবকে ঘিরে নাশকতা না হয়, সে জন্য উপজেলা ও ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের পাশাপাশি মনিটরিং সেল খোলা হয়েছে। কোথাও কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে আপনারা অবগত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা সবসময় সজাগ দৃষ্টি রাখবেন।
ফুলতলা উপজেলা হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলতলা উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪১টি পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির কাছে আলী আসগর লবি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সবাই তা সাদরে গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতারা তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা।
ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সদস্য সচিব ইমরান ওয়াহিদ, এস এ বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক গৌতম কুমার কুণ্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক অনুপম মিত্র, সদস্য সচিব রনজিত কুমার বোস, বাংলাদেশ পূজা উদযাপন ফোরামের সভাপতি প্রভাষ মণ্ডল, অহিদুজ্জামান মোল্যা, এনামুল হোসেন পারভেজ, আনোয়ার হোসেন বাবু, শেখ ইকবাল হোসেন, সাদির হোসেন রুনা, এম. বদরুল আনাম খান, চন্দন কুণ্ডু, মনিন্দ্রনাথ মণ্ডল, বিদ্যুৎ কুমার সুর, প্রভাষক ফুটলাল দত্ত, বিশ্বনাথ মণ্ডল, গৌতম কুমার কুণ্ডু প্রমুখ।








