খুলনা ব্যুরো
বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সনাতন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ও দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময়সূচি নির্ধারণে পুরোহিত ও পঞ্জিকার মতামতই চূড়ান্ত হওয়া উচিত। এখানে অন্য কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যারা এই হস্তক্ষেপ করছে, তারা সম্প্রীতি চায় না। বিএনপি সবার ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাস করে। আগামীতে হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপন করবে বিএনপি।
শুক্রবার বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার মাঝিরগাতীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে দিঘলিয়া উপজেলা বিএনপি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাঝিরগাতী একে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।
সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রামপ্রসাদ অধিকারী।
হেলাল আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কিন্তু জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করেছে নতুন সরকার ও নতুন দিনের বাংলাদেশ গড়ার জন্য। পাশাপাশি চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীর ও সাধারণ সম্পাদক মো. বাদশা গাজীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা বিল্লাল হোসেন, সাবেক সহ-সভাপতি বাবু সুবোধ কুমার বিশ্বাস, ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু প্রসেনজিৎ সিকদার প্রমুখ।








