ব্যুরো চীফ, বরিশাল
বরিশালের মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি মুলাদী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদী সমাবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখার সভাপতি মো. আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি সানাউল্লাহ সাজিদ এবং জেলা সেক্রেটারি সাইয়্যেদ আহমেদ।
মুলাদীতে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশের প্রধান অতিথি ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আকবর হোসেন বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষাঙ্গনে যদি সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে তবে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ মুলাদীকে যারা অশান্ত করতে চায়, ছাত্রসমাজ তাদের বয়কট করবে। ছাত্রশিবিরের ইতিবাচক কার্যক্রমকে সহ্য করতে না পেরেই এই হামলা চালানো হয়েছে।
ছাত্রদলের কর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কোনো কর্মসূচি না থাকলে আমাদের কাছে আসুন, আমরা আপনাদের কর্মসূচি দিয়ে দেব। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন। অন্যথায় ছাত্রলীগের মতো আপনাদেরও করুণ পরিণতি বরণ করতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী রাজনীতি পরিহার করে একটি সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন।
তিনি আরও বলেন, অতর্কিত সন্ত্রাসী হামলা করে ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যাবে না। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বরিশালের মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে ছাত্রদলের হামলায় শিবিরের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।








