স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
রাঙামাটি জেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান। শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলার অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মাওলানা শাহজাহান সবার আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, “আমরা অবশ্যই নির্বাচন চাই, আর নির্বাচন চাই বলেই আমরা সব আসনে প্রার্থী নিশ্চিত করেছি। তবে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। এর আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে।”
রাঙামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জাফর সাদেক এবং রাঙামাটি-২৯৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মদ।
রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মো. জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি আবুল বারাকাত, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।








