বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ লাখ টাকা চুরি / থানার গাড়ি চালকের বাসায় তল্লাশি, ওসি ক্লোজড

হবিগঞ্জ প্রতিনিধি

৪ লাখ টাকা চুরি হওয়ার পর গাড়ি চালকের বাসায় তল্লাশির ঘটনায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ক্লোজ হয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত সোমবার ওসি নুরে আলমের বাসা থেকে ৪ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পরদিন ওই থানার পিকআপ চালক ওয়াসিমের বাসায় সেকেন্ড অফিসার বিমল চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে অভিযান চালান ওসি নুরে আলম। চালক ওয়াসিম তার ঘরের জিনিসপত্র তছনছ করার দৃশ্য ভিডিওতে ধারণ করে ফেসবুকে বৃহস্পতিবার রাতে প্রচার করেন। নিমিষেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ওয়াসিম ভিডিওতে বলেন, “ওসি স্যারের বাসা থেকে দুই দফায় নাকি ৪ লাখ চুরি হয়েছে। তিনি আমাকে সন্দেহ করে আমার বাসার সমস্ত জিনিসপত্র তছনছ করেছেন। অথচ আমি টাকা চুরির সঙ্গে জড়িত নই।”

ওয়াসিম এক পর্যায়ে জানান, প্রয়োজনে ঘরের প্রতিটি ইঞ্চি তল্লাশি করে যদি প্রমাণ না হয়, তাহলে তিনি ওসির বিরুদ্ধে উর্ধতন কর্মকর্তার কাছে অভিযোগ করবেন।

এ কথা বলার পর ওসি রাগ দেখিয়ে তার সঙ্গে অন্যান্যদের নিয়ে বের হয়ে যান।

এদিকে, ফেসবুকে এ ভিডিও দেখে অনেকেই ওসি নুরে আলমের বেতন কত এবং ৪ লাখ নগদ অর্থ কোথা থেকে এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার মৃদুল জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় ওসি নুরে আলম সিসি নিয়ে সিলেট রেঞ্জ অফিসে চলে গেছেন।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের ওসি ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ