পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যাকাণ্ডে তার ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া রিয়াজ উদ্দিন মঠবাড়িয়ার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও নিহত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের বোন মাসুমা পারভীন বাদী হয়ে শনিবার রিয়াজকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, মা মারা যাওয়ার পর থেকে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবনযাপনে জড়িয়ে পড়েন এবং মাদকাসক্ত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে বাবা নাসির উদ্দিন তাকে বারবার সতর্ক করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বাবার কাছ থেকে জমি বিক্রির টাকা দাবি করে আসছিল রিয়াজ। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাবার সম্পত্তি দখল করার উদ্দেশ্যে ১২ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে তাকে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের রিপোর্টে আঘাতজনিত কারণে নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে। গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।








