সুনীল দাস , খুলনা ব্যুরো
খুলনায় দীর্ঘ এক যুগেও বিদ্যুৎ হত্যা মামলার অগ্রগতি না হওয়ায় বাদীকে মামলা তুলে নিতে আসামিরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহত বিদ্যুতের মা জাহানারা বেগম এ অভিযোগ করেন।
তিনি জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর সন্ত্রাসীরা মো. আলমগীর হোসেন ওরফে বিদ্যুৎ (২৪)-কে খানজাহান আলী (র.) সেতু এলাকায় নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ৭ ডিসেম্বর খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় লবণচরা এলাকার সন্ত্রাসী আরমান খলিফা, আরিফ খলিফা, জুয়েল শেখ, হারুন হাওলাদার, ইউসুফ ফকির, সিরাজ এবং বাদল ফকিরসহ সাতজনকে আসামি করা হয়।
দীর্ঘ এক যুগ অতিবাহিত হলেও চার্জশিট দাখিল হওয়া মামলাটির কোনো অগ্রগতি নেই। জামিনে মুক্ত আসামিরা মামলা তুলে নিতে বাদী ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
জাহানারা বেগম বলেন, “বিগত বছরগুলোতে একাধিকবার সাধারণ ডায়রি করায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সর্বশেষ গত ২ মার্চ আসামিরা বাসার সামনে এসে আমাকে ও বড় ছেলে জাহাঙ্গীর হোসেন বিপ্লবকে হত্যার হুমকি দেয়।”
তিনি আরও জানান, নিরাপত্তাহীনতার কারণে পরিবারকে রক্ষায় পুলিশের ও প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলনে আসতে বাধ্য হয়েছেন। নিহত বিদ্যুতের ভাই জাহাঙ্গীর হোসেন ও বোন মায়া বেগমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।








