সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মামলা উত্তোলনের জন্য মা ও মেয়ের ওপর হামলা

ব্যুরো চীফ, বরিশাল

জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত করেছে আসামিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হামলার শিকার ওই গ্রামের মৃত নুর বরকান্তাজের মেয়ে রিনা বেগম অভিযোগ করে বলেন, কালিকাপুর মৌজার ১০ শতক জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ ইব্রাহিম বরকান্তাজ জোরপূর্বক বিরোধীয় জমিতে ঘর নির্মাণ শুরু করেন। তাদের বাধা দেওয়ায় আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

উপায়ান্তর না দেখে পুনরায় আদালতের শরণাপন্ন হলে আদালতের বিচারক বিরোধীয় ভূমিতে ঘর নির্মাণ বন্ধের নোটিশ প্রদান করেন। তিনি আরও বলেন, গত ১২ সেপ্টেম্বর বিকেলে প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িতে এসে মামলা প্রত্যাহারের জন্য নানা ধরনের হুমকি দেয়। এ সময় বাধা দেওয়ায় তারা আকস্মিকভাবে হামলা চালায়। এতে আমি (রিনা) ও মা আয়েশা বেগম আহত হই। একপর্যায়ে প্রাণ বাঁচাতে আমরা দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিই।

রিনা বেগম বলেন, হামলাকারী অপু, লিওন, রিপন, মুহিনসহ আরও ৩/৪ জন সহযোগী মামলা প্রত্যাহার না করলে আমাকে (রিনা) ও মাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। পরে বিষয়টি তদন্তে আসা হিজলা থানার সাব-ইন্সপেক্টর মো. মনির হোসেনকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হামলার অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম বরকান্তাজ বলেন, সেদিন কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে আমার পরিবারের সদস্যদের সঙ্গে রিনা ও তার মায়ের ঝগড়া হয়েছে। সেই ঘটনাকে ভিন্নখাতে নিয়ে নতুন করে মিথ্যা মামলা দায়েরের জন্য মা ও মেয়ে এখন হামলার নাটক সাজিয়েছে।

হিজলা থানার সাব-ইন্সপেক্টর মো. মনির হোসেন জানান, হামলা বা হুমকির বিষয়ে রিনা বেগমকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ