খোকন আহম্মেদ হীরা, বরিশাল
শিক্ষার মানোন্নয়নে নানা শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে বরিশালের উজিরপুর উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২২টি মাদ্রাসার সুপারদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার ব্যক্তিগত উদ্যোগে এই ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়। বরিশাল শিক্ষা বোর্ডের পরিদর্শক অধ্যাপক মো. রফিকুল ইসলাম খান এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “প্রতিটি উপজেলায় যদি প্রশাসনিক কর্মকর্তারা এ ধরনের উদ্যোগ নেন, তবে মাধ্যমিক পর্যায়ের ফলাফলের মানোন্নয়ন সম্ভব।”
ইউএনও আলী সুজা জানান, একসময় উজিরপুরে সাক্ষরতার হার ছিল প্রায় ৮০ শতাংশ, তবে সাম্প্রতিক সময়ে শিক্ষার মান ক্রমেই নিচের দিকে নেমে গেছে। এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অত্যন্ত হতাশাজনক। এজন্য শিক্ষার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে উপজেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এতে শিক্ষার্থীদের মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করা, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয়ে আধুনিক শিক্ষাপদ্ধতি চালু করা এবং শ্রেণিকক্ষে শিক্ষকদের আন্তরিকতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
সমঝোতা স্মারকে আরও বলা হয়েছে—
- প্রতিটি প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি হবে।
- নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা হবে।
- ফেল করা শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে দেওয়া হবে না।
- শিক্ষক-শিক্ষার্থীর সময়মতো আগমন ও প্রস্থান নিশ্চিত করা হবে।
- মাদক ও বাল্যবিবাহ রোধে বিশেষ কমিটি গঠন করা হবে।
- বিদ্যালয়ে মোবাইল ব্যবহার শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্যই নিষিদ্ধ থাকবে।
- বিজ্ঞান, ইংরেজি, গণিতসহ দুর্বল বিষয়ে বিশেষ ক্লাস নেওয়া হবে।
- পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বিজ্ঞান ক্লাব, ইংরেজি ক্লাব, ডিবেট ক্লাব গঠন করা হবে।
- নিয়মিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহবিরোধী সমাবেশ আয়োজন করা হবে।
উল্লেখ্য, ইউএনও প্রথম পক্ষ এবং বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানরা দ্বিতীয় পক্ষ হিসেবে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।








