অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে দেশের শীর্ষ শিল্প মালিকদের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরাস্থ দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।
এ ছাড়া জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের শিল্প-বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগের পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ এবং শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা দেশের শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
জবাবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশের শিল্প রক্ষা, অর্থনীতিকে সচল রাখা এবং শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিজের শারীরিক খোঁজখবর নিতে সাক্ষাৎ করতে আসায় শিল্প মালিক প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।








