ব্যুরো চিফ, বরিশাল
বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের এক তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—কবীর আকন ও জব্বার বেপারী। তারা হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।
এজাহারের বরাত দিয়ে তিনি আরও জানান, ২০১৩ সালের ২৮ জুলাই সকালে হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হক বেপারীর মেয়ে খাদিজা আক্তার (১৮) তার চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে পাশের একটি বাগানে নিয়ে আসামিরা তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে খাদিজাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালের পানিতে ডুবিয়ে রাখা হয়। ২৯ জুলাই বিকেলে পুলিশ ওই এলাকার শিলনিয়া খাল থেকে খাদিজার লাশ উদ্ধার করে।
ঘটনার পর নিহত খাদিজার মামা মাসকাটা গ্রামের মৃত আব্দুস ছত্তার রাড়ীর ছেলে মোক্তার হোসেন রাড়ী বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেন।
তদন্তে পুলিশ কবীর আকন ও জব্বার বেপারীর সম্পৃক্ততা পেয়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরে তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
দীর্ঘ ১২ বছর বিচার প্রক্রিয়া শেষে ১৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে আদালত সোমবার এ চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করেন।








