ব্যুরো চিফ, বরিশাল
আদালতের বারান্দায় নৃশংস হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা হামলাকারীদের শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
লিখিত বক্তব্যে ঝালকাঠির নলছিটি উপজেলার মিরাজ মাঝি বলেন, দীর্ঘদিন ধরে একই এলাকার রফিকুল মাঝি ও জহিরুল ইসলামের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে প্রতিপক্ষ একাধিকবার তাদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এমনকি জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত একটি ঘরও ধ্বংস করে লুটপাট করা হয়।
তিনি জানান, প্রতিপক্ষের প্রভাবশালীরা ভয়ভীতি দেখিয়ে জমি লিখে দেওয়া ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি না মানায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
মিরাজ মাঝির অভিযোগ, গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চতুর্থ তলায় প্রতিপক্ষ অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলায় তিনি ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, হামলার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন পুলিশের সহায়তায় হামলাকারীদের আটক করে। তবে হামলাকারীরা প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে রফিকুল মাঝির বক্তব্য জানতে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।








